বাংলাদেশ প্রতিবেদকঃ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকা অবস্থায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে সদস্য ফরম তুলে দেন।
গতকাল মঙ্গলবার রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর যোগদানের সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন। তবে ব্যক্তিগত কারণে গত মে মাসে তিনি এই পদ ছাড়েন।

