গণভোটের রায় বাস্তবায়ন ও তিস্তা প্রকল্পসহ সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর; প্রস্তুতিতে মাঠে ১১ দলীয় ঐক্য

0
গণভোটের রায় বাস্তবায়ন ও তিস্তা প্রকল্পসহ সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর; প্রস্তুতিতে মাঠে ১১ দলীয় ঐক্য

জয়নাল আবেদীনঃ গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ এবং জুলাই গণহত্যার বিচারসহ সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। কর্মসূচি সফল ও বিশাল লোকসমাগম নিশ্চিত করতে রংপুর অঞ্চলে ব্যাপক মাঠপর্যায়ের প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চালাচ্ছে জোটের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লংমার্চের সমাপনী মহাসমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ সরেজমিনে পরিদর্শন করেন ১১ দলীয় জোট ও জামায়াতের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। পরিদর্শনের সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান ও সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজলসহ জোটের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মাঠ পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় জামায়াত নেতারা তাদের রাজনৈতিক ও সামাজিক দাবিসমূহ তুলে ধরেন। দাবিসমূহের প্রধান দিকগুলো নিচে উল্লেখ করা হলো:

জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতার আত্মত্যাগের মূল্যায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটের গণরায় ও ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে অবলম্বিত প্রকল্প বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে নেতারা বলেন, কোনো পরোক্ষ শক্তির প্রভাবে সরকারের উদ্যোগ স্থবির হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক দখলদারিত্ব, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের তাগিদ দেওয়া হয়।

নিত্যপ্রয়োজনীয় গ্যাস, বিদ্যুৎ ও তেলের সংকট দূর করে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, “এ আন্দোলন জামায়াতের একক কোনো দলীয় এজেন্ডা নয়, এটি দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের বেঁচে থাকার দাবি।” তিনি আরও জানান, উত্তরবঙ্গের ২২টি আসনের মধ্যে ১৮টি আসনেই জামায়াত প্রার্থীরা নির্বাচিত হওয়ায় এই রংপুর বিভাগীয় লংমার্চ চট্টগ্রাম লংমার্চের চেয়েও বহুগুণ বড় জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

আগামী ১৯ সেপ্টেম্বর সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চটি শুরু হয়ে বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে রংপুর জিলা স্কুল মাঠে শেষ হবে। সেখানে সমাপনী মহাসমাবেশে জামায়াতের আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।