‘গণতন্ত্র রক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রবাসীদের সরাসরি বিনিয়োগের আহ্বান’: সিলেটে রাষ্ট্রপ্রতি

0
'গণতন্ত্র রক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রবাসীদের সরাসরি বিনিয়োগের আহ্বান': সিলেটে রাষ্ট্রপ্রতি

সিলেট প্রতিনিধিঃ দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও চরম ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং যেকোনো মূল্যে তা রক্ষা করাই এখন জাতির সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত এক জমকালো নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি রাজনৈতিক ঐকমত্য এবং সিলেট অঞ্চলে প্রবাসী বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জি কে গউছ এবং রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিশেষ অতিথির বক্তব্য দেন।

সংসদকে জাতীয় আলোচনার মূল কেন্দ্রে পরিণত করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। গণতন্ত্র টিকিয়ে রাখার দায়িত্ব সরকার ও বিরোধী দল—উভয়েরই।

সিলেটের অর্থনীতির প্রাণপ্রবাহ প্রবাসীদের শুধু রেমিট্যান্সে সীমাবদ্ধ না থেকে পর্যটন, তথ্যপ্রযুক্তি, কৃষিপ্রক্রিয়াজাত শিল্প, মৎস্য ও গ্যাস খাতে সরাসরি বিনিয়োগের আহ্বান জানান তিনি।

বিদেশে বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে বলে নিশ্চিত করেন রাষ্ট্রপতি।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, “নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, কেউ আমাদের অধিকার আদায় করে দিয়ে যাবে না।”

সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যের প্রশংসা করে রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দেন যে এ অঞ্চলের অবকাঠামো ও পর্যটন উন্নয়নে গৃহীত বড় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সিলেটের স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব পরিবেশন করা হয়।