বাংলাদেশ প্রতিবেদকঃ দেশে কোনো ধরনের লকডাউন নেই এবং জনজীবন স্বাভাবিকভাবেই চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কথা বলে লকডাউনের প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক। সন্ত্রাসীদের কোনো কার্যক্রমকে আমরা রাজনৈতিক কর্মসূচি বলে মনে করি না।”
রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বিজয়ের মাস উপলক্ষে ঘোষিত আগামী ১ ডিসেম্বরের সমাবেশের স্থান পরিবর্তনের ঘোষণাও দেন।
সংবাদ সম্মেলনে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন রুহুল কবীর রিজভী। তিনি অভিযোগ করেন, পরাজিত একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রল নিক্ষেপ, স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বেআইনি অস্ত্র নিয়ে যারা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং মানুষের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যাংকে আগুন দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও সক্রিয় হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর এই নিষ্ক্রিয়তা নিয়ে আজ সবার মনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর না থাকলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পাড়া-মহল্লায় জনগণ ইতিমধ্যেই প্রতিরোধ গড়ে তুলছে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে।
সংবাদ সম্মেলনে বিজয়ের মাসব্যাপী বিএনপির কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হওয়ার কথা ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

