ক্রিড়া প্রতিবেদক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ পুরুষ ফুটবলের র্যাংকিং হালনাগাদ করেছে। এতে বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে। ১৮৪ থেকে ১৮৩তম অবস্থানে এসেছে হামজা-জামালরা।
সেপ্টেম্বর উইন্ডোর পর ফিফা গত ১৮ সেপ্টেম্বর র্যাংকিং প্রকাশ করেছিল। এতে ১৮৪ তম অবস্থানে অপরিবর্তিত ছিল বাংলাদেশ। মাস খানেক পর আজ প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে এক ধাপ উপরে উঠেছেন হামজা-জামালরা। অক্টোবর ফিফা উইন্ডোতে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম এন্ড অ্যাওয়ে দু’টি ম্যাচ খেলেছে।
ঘরের মাঠে ৩-৪ গোলের ব্যবধানে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। হংকং বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়ে। তাদের মাটিতে গিয়ে ড্র করায় বাংলাদেশের পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে র্যাংকিংয়েও।
২০২৫ সালে ফিফার সর্বশেষ উইন্ডো নভেম্বরে। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের আগে বাফুফে চেষ্টা করছে আরেকটি প্রীতি ম্যাচ হোমে খেলার। ওই দুই ম্যাচে জিততে পারলে বাংলাদেশের র্যাংকিং বাড়বে।

