জয়নাল আবেদীনঃ দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং প্রতিটি ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থাকে কঠোর জবাবদিহির আওতায় আনা হবে।
শনিবার দুপুরে রংপুর স্টেডিয়ামে মাসব্যাপী নারী ও পুরুষ ক্রীড়া প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুরের জেলা ক্রীড়া সংস্থা এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে, পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ও নিজস্ব তদন্ত পরিচালনা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ক্রীড়া খাতকে আধুনিকায়ন ও পেশাদার পর্যায়ে রূপান্তরের জন্য সরকারের একাধিক নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ১৫টি ইভেন্ট নিয়ে একটি পূর্ণাঙ্গ বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার প্রকাশ করা হবে, যা বছরজুড়ে জেলা ক্রীড়া সংস্থাগুলো বাস্তবায়ন করবে।
সাভারের মূল বিকেএসপির পাশাপাশি দেশের অন্যান্য আঞ্চলিক বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
দেশের আটটি বিভাগের স্টেডিয়াম পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হবে। একই সাথে রংপুরে একটি আধুনিক বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা যায় কি না, সে বিষয়ে বাস্তবসম্মত পরিকল্পনা করা হচ্ছে।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিশ্রুতিশীল হ্যান্ডবল ও ভলিবল খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠান শেষে তিনি রংপুর স্টেডিয়াম ও সংলগ্ন রংপুর ক্রিকেট গার্ডেনের বিদ্যমান অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ-উন-নবী ডন, ক্রীড়া সংগঠক মঞ্জুর রহমান আজাদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাবেক কৃতি খেলোয়াড়বৃন্দ।

