সাতক্ষীরায় কলেজ পড়ুয়া কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

0

মাহমুদুল হাসান: সাতক্ষীরার শ্যামনগরে আমিনা খাতুন (১৮) নামের একাদশ শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজের শয়ন কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আটুলিয়া আব্দুল কাদের কলেজিয়েট স্কুলের ছাত্রী আমিনা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গোলাম মোস্তফা মোল্লার মেয়ে। সৎ মা ও পিতার অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে আমিনা আত্মহত্যা করেছে বলে পরিবারের অপর সদস্যদের দাবি। তবে প্রায়শই সৎ মায়ের হাতে শাররীক নির্যাতনের শিকার হওয়া ঐ কিশোরীর এমন মৃত্যু রহস্যজনক বলে দাবি প্রতিবেশীদের।

উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া নিয়েও সৎ মায়ের মারধরের শিকার হয়েছিল আমিনা। মেয়ের উপর দ্বিতীয় স্ত্রীর অব্যাহত নির্যাতন ও অত্যাচার স্বচক্ষে দেখেও প্রতিবাদ করতেন না গোলাম মোস্তফা। ঘরের দরজা ভিতর থেকে আটকে দিয়ে আত্মহত্যার কথা বলা হলেও উদ্ধারকালে দরজা খোলা থাকার বিষয়টি রহস্য তৈরী করেছে বলেও তাদের দাবি।

এবিষয়ে নিহতের পিতা গোলাম মোস্তফা জানান আমিনাকে কেউ কিছু বলেনি। পাশের ঘরে থাকলেও তার আত্মহত্যার ঘটনা তারা বুঝতে পারেনি। সন্ধ্যার দিকে তার ঘরে ডাকতে যেয়ে ঝুলন্ত অবস্থায় তারা স্বামী-স্ত্রী মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বাদল জানান খবর পেয়ে উপ-পরিদর্শক আশরাফ হোসেন মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যু রহস্য উম্মোচন হবে। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলেও তিনি নিশ্চিত করেন।