বাংলাদেশ প্রতিবেদক: সম্প্রতি কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বিএনপির নেতাকর্মীদের মুক্ত করে দেওয়ার প্রস্তাব নিয়ে চ্যানেল টুয়েন্টিফোরে এক সাক্ষাৎকারে বক্তব্য দিয়েছেন। কৃষিমন্ত্রীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, ‘সেদিন দেখলাম এক মন্ত্রী বলছেন, ‘আমরা তো বিএনপিকে বলেছিলাম, আপনাদের সকল নেতাকে মুক্ত করে দেওয়া হবে, আপনারা নির্বাচনে আসুন। এইটা বলার তারা কে– যে তুমি সকল বন্দিদের মুক্ত করে দেবে। তার মানেটা কী, তার মানে– তুমি জোর করে তাদের আটকে রেখেছো, অন্যায়ভাবে তাদের আটকে রেখেছো।’
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে জাতীয় পর্যায়ের এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান এসব বলেন।
একই প্রসঙ্গে কৃষিমন্ত্রীর উদ্দেশে ড. মিজান বলেন, ‘তুমি যে বক্তব্য দিয়েছো তার অর্থটা কী? তার অর্থটা হচ্ছে– বিচার বিভাগ বলতে দেশে কিছু নেই, বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিছু নেই। তুমি যা বলবে সেটাই বিচার বিভাগ করে দেবে। এটা কি দায়িত্বশীল একজন মন্ত্রীর বক্তব্য হতে পারে? কী আশ্চর্য্য! এটা প্রমাণিত– রাষ্ট্র নৈতিকভাবে কোথায় যেন চলে গেছে। এই রকম নৈতিকতাহীন রাষ্ট্রকে আমরা মুক্তিযুদ্ধের রাষ্ট্র হিসেবে দেখতে চাই না।’
আজ মঙ্গলবার ঢাকায় দ্য ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান মিলনায়তনে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। কাপেং ফাউন্ডেশন আয়োজিত সংলাপে ড. মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মেসবাহ কামাল। সঞ্চালনা করেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা।
পার্বত্য চট্টগাম চুক্তি বাস্তবায়নের লক্ষে ড. মিজানুর রহমান সংলাপে ছয়টি সুপারিশ তুলে ধরেন। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটা রাজনৈতিক দলের বিশেষ করে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের বিষয়ে অবশ্যই উল্লেখ থাকতে হবে। চুক্তি বাস্তবায়নে যাতে একটি প্রতিশ্রুতি থাকে। এটা আমাদের চাহিদা, দাবি। এ লক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে একটি চিঠি দিতে হবে। নির্বাচিত সরকার কী করবে– এ নিয়ে সাধারণত একশ’ দিনের একটি কর্মসূচি দিয়ে থাকে। এই একশ’ দিন নয়, ৩৬৫ দিনে যাতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা হয় তার একটি রোডম্যাড নির্বাচনী ইশতেহারে দিতে হবে। যা গত ২৬ বছরেও বাস্তবায়ন করা হয়নি। অন্য সুপারিশ হলো, পার্বত্য চট্টগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিৎ করতে আদিবাসী জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং অবিলম্বে কার্যকর করতে হবে। জাতীয় নির্বাচনের পর শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) নেতৃত্বে একটি বিশেষ দল সাক্ষাৎ করে চুক্তি বাস্তবায়নের দাবি তুলে ধরতে হবে। এই প্রতিনিধিদলে নাগরিক সমাজের প্রতিনিধিরাও থাকবেন।’
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সমস্যা জাতিগত ও রাজনৈতিক। তাই এই সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। পার্বত্যবাসীদের সমস্যা সমাধান না করে দেশকে বিচ্ছিন্নতাবাদের দিকে ঠেলে দিচ্ছে। সমস্যা সমাধান না করে সরকার তাদের বাঙালি বানাতে ব্যস্ত হয়ে পড়েছে। আদিবাসীরাও এই দেশের স্বাধীনতার অংশ। তাই পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করতেই হবে এর কোনো বিকল্প নেই।’
মঙ্গলবারের এই সংলাপে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রতিনিধি অ্যাডভোকেট চঞ্চু চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তিতেই পার্বত্যাঞ্চলকে উপজাতীয় অঞ্চল হিসেবে উন্নয়নের কথা বলা আছে। অথচ গত ২৬ বছর পরও তা বাস্তবায়ন করা হয়নি। এই চুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ে আগামী দিনের পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা নিশ্চিৎ করে বলা যাচ্ছে না।’
ডা. অজয় চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের লক্ষেই ১৯৯৭ সালে চুক্তি হয়েছিল।’
ইন্ডিজেনাস পিপল নিউজের প্রতিনিধি সতেজ চাকমা বলেন, ‘তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে যারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছেন তাদের অনেকের মিথ্যা মামলা করা হয়েছে, তাদের হামলা করা হচ্ছে, তারা এখন ফেরারী আসামি।’
বন, ভূমি ও পরিবেশ রক্ষা আন্দোলনের নেতা জুমলিয়ান আমলাই বলেন, ‘পার্বত্য চুক্তির ৭২টি ধারায় মধ্যে ১৬টি ধারা বাস্তবায়ন হয়েছে বলে বলছে চুক্তিতে স্বাক্ষরকারি জনসংহতি সমিতি। অন্যদিকে সরকার বলছে ৬৫টি ধারা বাস্তবায়ন হয়েছে। এর প্রকৃত চিত্র কি তা জানা দরকার। চুক্তি বাস্তবায়ন হলে পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠি কেএনএফের সৃস্টি হতো না। এই সন্ত্রাসী গোষ্ঠী এখন চুক্তি বাস্তবায়নে বাধার সৃস্টি করছে।’
সঞ্চালক পল্লব চাকমা বলেন, ‘পার্বত্য চুক্তি বাস্তবায়নে ভূমি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন এখন পর্যন্ত কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। অথচ পাহাড়ি জনগণের ভূমির সমস্যাই মূল সমস্যা। পার্বত্য চুক্তি বাস্তবায়নে পরীবিক্ষণ কমিটিও কার্যকর ভূমিকা রাখছে না। এই চুক্তি বাস্তবায়নে দেশের বুদ্ধিজীবী সমাজকে এগিয়ে আসতে হবে।’
সংলাপে আরও বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হরেন্দ্রনাথ সিং, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সুবর্ণ ভূমি ফাউন্ডেশনের জাহিদ হাসান প্রমুখ।

