বাংলাদেশের গনতন্ত্রের ইতিহাসে এই নির্বাচন একটা মাইলফলক হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

0
বাংলাদেশের গনতন্ত্রের ইতিহাসে এই নির্বাচন একটা মাইলফলক হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

কামাল সিদ্দিকী: আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোট দেবে না জেনেই ১ কোটি ২৩ লক্ষ ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করেছিল বিএনপি-জামাত।

আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (৩ জানুয়ারি ২০২৪) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে গাইবান্ধা, রাজশাহী, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ ৫টি জেলা এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাথে দলের নির্বাচনী ভার্চুয়াল জনসভায় এ কথা বলেন।

আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা বলেন ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল খালেদা জিয়া, কিন্তু থাকতে পারেনি । ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার পতন ঘটে। ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়। তারপর পদত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু তাদের শিক্ষা হয়নি। তাই ২০০১ সালে ক্ষমতায় এসে আবারও ভোট কারচুপি, ভোট চুরি, জনগণের ভাগ্য নিয়ে খেলা শুরু করে। তাদের দুঃশাসনের কারণে দেশে জরুরি অবস্থা জারি হয়।

আমি চাই, এ নির্বাচন সত্যিকারভাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে সেটাই আমাদের লক্ষ্য। যা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটা মাইলফলক হয়ে থাকবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা সুগম হবে।
তিনি বলেন, ইনশাল্লাহ, ৭ জানুয়ারির নির্বাচনে আমরা সফল হবো, জনতার জয় হবে।

অনেকে বাংলাদেশ নিয়ে খেলতে চায় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, নির্বাচনে যার যার ভোট সে শান্তি মতো দেবে। সেই পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে। কারণ মনে রাখতে হবে এই নির্বাচন বাংলাদেশের জন্য একান্তভাবে জরুরি। কারণ বাংলাদেশ নিয়ে অনেক রকম খেলা অনেকে খেলতে চায়।

তিনি বলেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, জয় বাংলা স্লোগান যারা নিষিদ্ধ করে দেয়, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ যারা নিষিদ্ধ করে দেয়, মুক্তিযুদ্ধের চেতনা যারা ধ্বংস করে, তারা দেশটাকেই ধ্বংস করবে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবেন, যার যার নিজের ইচ্ছামতো ভোট দেবে। এখানে কেউ কাউকে বাধা দিতে পারবেন না। কোনো ধরনের সংঘাত আমি চাই না।

তিনি বলেন, আজকে বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী আছে, সেই সাথে আমরা নির্বাচনটাকে উন্মুক্ত করে দিয়েছি। এটা আমাদের স্লোগান আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কাজেই আপনাদের পছন্দমতো ভোট দেবেন। কিন্তু কোনো ধরনের গন্ডগোল আমি চাই না। কখনো দুর্ঘটনা যেন না ঘটে। আমাদের সহনশীলতা দেখাতে হবে।

সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াতের দুর্বৃত্ত পরায়ণতার জবাব দিতে হবে আপনাদের, বাংলাদেশের মানুষকে। আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে এর জবাব দেবেন এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন সেটাই চাই।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ২০১৩ সালের মতো এ নির্বাচনকে সামনে রেখে তারা (বিএনপি-জামায়াত) আবার ভয়াল রূপ নিয়ে মানুষের সামনে হাজির হয়েছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। মায়ের কোলে শিশু মারা গেছে। এ দৃশ্য সারা বিশ্বকে নাড়া দিয়েছে। রেললাইনের ফিসপ্লেট খুলে মানুষ হত্যার ফাঁদ পাতে তারা।

আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আমরা নিয়ে আসতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বিএনপি-জামায়াতের চরিত্র হচ্ছে দুর্নীতি করা আর সেই সাথে মানুষ খুন করা। এরা অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে। এর চেয়ে জঘন্য কাজ আর কিছু হতে পারে না।

ভার্চুয়াল জনসভায় প্রার্থীদের পরিচয় করানো, সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ, দলের নেতা-কর্মি, বিভিন্ন নারী-পুরুষের কথা মন দিয়ে শোনেন ও স্বস্ব এলাকার কি কি উন্নয়ন করা হয়েছে তা তুলে ধরে আবারো তিনি নৌকা মার্কা প্রতীকে ভোট আহবান করেন এলাকার ভোটারদের কাছে।