আরিফুর রহমান: বিপুল অর্থের মালিক হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ পরিচালক মো. ইলিয়াস হোসেন মোল্লা। আওয়ামীলীগের নেতাদের প্রভাব খাটিয়ে রাজউকের প্রভাবশালী কর্মকর্তা হয়ে উঠেছিলেন তিনি। মাদারীপুরে তার গ্রামের বাড়িতে কয়েক কোটি টাকায় নির্মাণ করছেন আলিশান বাড়ি। এছাড়া নিজ খরচে কোটি টাকা দিয়ে করেছেন ৪ তলা মসজিদ। চলেন কোটি টাকার গাড়িতে। আওয়ামী সরকারের পতন হলেও তিনি আছেন বহাল তবিয়তে।
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের নজর আলী মোল্লার ছেলে ইলিয়াস হোসেন মোল্লা। তিনি জগন্নথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে আওয়ামী নেতাদের তদবিরে চাকরি পান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে। এই চাকরিই যেন তাকে আলাদিনের চেরাগ পাইয়ে দিয়েছে। ৮/১০ বছরে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। চলেন কোটি টাকার গাড়িতে। গ্রামের বাড়িতে বাবার জমিতে কোটি কোটি টাকা ব্যায় করে করছেন আলিশান বাড়ি। কোটি টাকা খরচ করে করেছেন ৪তলা মসজিদ। এলাকাবাসীর কেউ জানে ইলিয়াস মোল্লা সচিবলায় বড় চাকরী করে আবার কেউ কেউ জানে সে রাজউকের বড় অফিসার। তবে বিপুল অর্থসম্পদের মালিক ইলিয়াস এটা এলাকার সবাই জানে। বিত্তবৈভবের মালিক হলেও গ্রামের গবির দুঃখিদের সাহায্য না করার অভিযোগ আছে এলাকার মানুষের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বালিয়া গ্রামে ইলিয়াস মোল্লার পৈতিক ভিটা। সেখানে উচু দেয়াল দেয়া। দৃষ্টিনন্দন গেট। দূর থেকেই দেখা যায় নির্মানাধীন একটি আলিশান বাড়ির আবরণ। ভিতরে ঢুকে বাড়িটির চোখ ধাধানো ডিজাইন দেখে অবাক হবে যে কেউ। তিনতলা ভবন। ভিতরে ঘোরানো সিড়ি গম্বুজ আকার ধারণ করে উঠে গেছে ছাদে। বাড়িটির সৌন্দর্য বর্ধনে হাজার হাজার লাইটের পয়েন্ট রাখা হয়েছে। পিছনে গেলেই চোখে পড়ে একটি বড় পুকুর। সিসি ঢালাই করে বাধানো হয়েছে পুকুরের পাড়। বাড়ি সংলগ্ন স্থানে ছাদসহ করা হয়েছে বড়সড় একটি ঘাট। ঘাটের দুইপাশে পুকুরের মধ্যে করা হয়েছে ছাদসহ বসার স্থান। পুকুরের পাড় থেকে বাসার স্থানে যাওয়ার জন্য করা হয়েছে পোল। একটি বসার স্থানের ছাদে বাড়ির দোতলা থেকে সিড়ি দেয়া হয়েছে। বাড়ির দোতলা থেকে সরাসরি এখানে এসে বসার ব্যবস্থা করা হয়েছে। দেখলেই সখ ও সাধ্যের অনুমান করা যায়। কোটি কোটি টাকা খরচ করে করা হচ্ছে এই বাড়িটি। বাড়ির প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। এছাড়া বাড়ির পাশেই নিজ খরচে কোটি টাকা খরচ করে নির্মান করেছেন ৪ তলা একটি মসজিদ। পুরো মসজিদ টাইলস দিয়ে ঢাকা। মসজিদের চারপাশে দেয়া হয়েছে বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়ায়েল মধ্যেই মসজিদের পাশে করা হয়েছে দৃষ্টি নন্দন পারিবারিক কবরস্থান। ইলিয়াস মোল্লার বাবা নজর আলী মোল্লা। বয়সের ভারে লাঠিতে ভর দিয়ে হাটেন। বাড়িতে ঢুকেই দেখা হয় তার সাথে। তিনি এই বাড়ি করেছেন প্রথমে দাবী কররেও পরে স্বীকার করেন এই বাড়িটি তার বড় ছেলে ইলিয়াস মোল্লা করেছে। তিনি একসময় জেলার চরমুগরীয়া বন্দরে পাটের ব্যবসা করতেন। সেই ব্যবসার টাকা দিয়ে তিনি এলাকায় বেশকিছু জমি রেখেছেন। পাটের ব্যবসা ছেড়েছেন অনেক আগেই। এখন বয়সের ভারে চলফেরা করতে কষ্ট হয়। বড় ছেলেই দেখেন তাদের। ছোট ছেলেও ব্যবসা করার চেষ্টা করছে বলে জানান তিনি। ইলিয়াস মোল্লার ছোট ভাই ফয়সাল মোল্লা ড্রেজারের ব্যবসা করে বলে জানান। তিনি কোথায় কিভাবে ড্রেজার ব্যবসা করেন জানতে চাইলে প্রথমে বলতে না চাইলেও পরে স্বীকার করে অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উঠানোর ব্যবসা তার। তবে প্রশাসনের বাধার কারণে ভালভাবে ব্যবসা করতে পারছেন না তিনি।
স্থানীয় গিয়াস উদ্দিন হাওলাদার, খলিল তালুকদার, হাবিবুর রহমান জানান, ইলিয়াস ঢাকায় বড় চাকরি করে। তার বাবা নজর আলী আগে পাটের ব্যবসা করতো। তিনি বালিয়া গ্রামেরই বাসিন্দা। এখানে নজর আলী টিনের বাড়ি করে থাকতেন। ইলিয়াস চাকরি পাওয়ার পর থেকে তাদের পরিবর্তন হওয়া শুরু করে। চাকরির কয়েক বছর পরই দেখি ইলিয়াস দাবি গাড়ি নিয়া বাড়িতে আসে। তার কিছুদিন পর দেখি টিনের ঘর ভেঙ্গে আলিশান বাড়ির কাজ শুরু করেছে। চারদিকে বাউন্ডারি দিছে। পাশেই একটি ৪ তলা মসজিদ দিছে। ইলিয়াস অনেক টাকার মালিক হয়ে গেছে। এত টাকার মালিক হওয়ার পরও এলাকার গবির মানুষদের কোন রকম সাহায্য করে না। সামচু সরদার, তাজেল সরদার ও শাহিনুর হাওলাদার জানান, ইলিয়াস এত টাকার মালিক কিভাবে হয়েছে আমরা জানিনা। তবে ইলিয়াস এখন অনেক টাকার মালিক। দাবি গাড়িতে চলাচল করে। রাজকীয় বাড়ি করতেছে। এত বড় একটা মসজিদ করেছে। কারো কাছে ১ টাকাও সাহায্য লাগেনি তার। মুঠোফোনে মো. ইলিয়াস হোসেন মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার বাড়িতে যাওয়ার জন্য ধন্যবাদ জানান। তবে তার এত অর্থ সম্পদ কিভাবে হয়েছে প্রশ্ন করলে তিনি বলেন, আমি অসুস্থ্য, আমার মাথায় সমস্যা আছে। আমি কিছু বলতে পারবো না। মাথায় সমস্যা নিয়ে আপনি দায়িত্ব পালন করছেন কিভাবে প্রশ্ন করলে তার কোন উত্তর না দিয়ে শুধু তার মাথায় সমস্যা আছে এই কথা বলতে থাকে।

