শাহজাদপুরে ফাঁস নিয়ে মাংস ব্যবসায়ীর আত্মহত্যা

0
শাহজাদপুরে ফাঁস নিয়ে মাংস ব্যবসায়ীর আত্মহত্যা

বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ারপাড়া গ্রামে জামাল সরদার (৬০) নামের এক মাংস ব্যবসায়ী (কসাই) আত্মহত্যা করেছেন। মৃত জামাল সরদার ওই গ্রামের মৃত গনি সরদারের ছেলে । মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে বাতিয়ারপাড়া গ্রামে তার নিজ ঘরে এ ঘটনা ঘটে। জামাল সরদার উপজেলার তালগাছি হাটে মাংসের দোকান করতেন। ঋণের দায়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, জামাল সরদার দীর্ঘদিন ধরে উপজেলার তালগাছি হাটে ছাগল জবাই করে মাংস বিক্রি করতেন। একমাত্র ছেলে বিয়ে করে শ্বশুরবাড়ি থাকেন। তাই বৃদ্ধ বয়সেও জীবিকার তাগিদে তিনি মাংস বিক্রি করে আসছিলেন। কিছুদিন হলো তিনি স্বজনদের বলতেন, তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। যার দায় মেটাতে পারছেন না তিনি। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করে ঘরে ঢুকে তিনি গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। একপর্যায়ে তার স্ত্রী ঘরের আরার সাথে স্বামীকে ফাঁস নিয়ে ঝুলতে দেখে প্রতিবেশীদের খবর দেন । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জামাল সরদারের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আছলাম আলী জানান, ঘটনাস্থল থেকে জামাল সরদারের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।