বাংলাদেশ প্রতিবেদকঃ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টাকে তীব্র কটাক্ষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে; তবে সারাদেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘দিবাস্বপ্ন’ কখনো সফল হবে না।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, ‘অহংকারী ও লুটেরা শাসকগোষ্ঠীর পতনের অন্যতম প্রেরণা হলো ৭ নভেম্বর। কিন্তু দেড় মাসের অভূতপূর্ব ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে এত বড় গণহত্যার পরও পলাতক শেখ হাসিনার মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বা অনুতাপ দেখা যাচ্ছে না।’
ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে বিএনপি নেতা বলেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও নিজের দেশে জরুরি অবস্থা জারির ভুলের পর বিভিন্ন জনসভায় ক্ষমা চেয়েছেন। কিন্তু শেখ হাসিনা তার ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে সংঘটিত গুম, খুন ও নারকীয় হত্যাকাণ্ডের জন্য আজ অবধি অনুতপ্ত হননি।’
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস ও বর্তমান আইনি প্রেক্ষাপটের তুলনা টেনে রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল। তখন আওয়ামী লীগের মন্ত্রীরা সবসময় বলতেন—আইন নাকি তার নিজস্ব গতিতে চলে। এখন শেখ হাসিনা বিদেশে পালিয়ে থেকে কেন বিদেশি শক্তির দুয়ারে ধর্না দিচ্ছেন? তার বিরুদ্ধে হওয়া সব মামলার বিচারেও আদালত এবং আইন এখন থেকে নিজস্ব গতিতেই চলবে।’
তিনি আরও যোগ করেন, ‘শেখ হাসিনা আবারও বিদেশি রাজনীতিকদের থেকে লাইফলাইন বা সার্টিফিকেট সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন, যাতে দেশে ফিরলে তার দণ্ডাদেশ কার্যকর না হয়। কিন্তু তারিক রহমানের দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতৃত্বের সঙ্গে শেখ হাসিনার দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার আত্মসমর্পণমূলক ও ক্রীতদাসসুলভ মানসিকতার পার্থক্য আজ দেশের মানুষের কাছে সুস্পষ্ঠ।’
জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদসহ জাতীয়তাবাদী বুদ্ধিজীবী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা দেশবিরোধী সব ষড়যন্ত্র নস্যাৎ করে গণতান্ত্রিক ধারা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

