নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘরে ঢুকে হামলা, লুটপাট এবং নারীদের মারধর ও নির্যাতনের অভিযোগ এনে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবারের সদস্য আয়ভিনা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, আয়োভিনা বেগমের ভাই মো.রাজিব উদ্দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সুখচর ইউনিয়নের আহবায়ক ও উপজেলা শ্রমিক শক্তির যুগ্ম আহবায়ক। তিনি সুখচর ইউনিয়ন নির্বাচনে স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ সৃষ্টি করতে প্রতিপক্ষরা গভীর ষড়যন্ত্র শুরু করে। এর অংশ হিসেবে গত ৩০ অক্টোবর রাতে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রাজিব উদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। বর্তমান প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন প্রকাশ সালাউদ্দিন ডাকাত ও নাজিম মোল্লা প্রকাশ নাজিম ডাকাতের নির্দেশে এই হামলা চালানো হয়।
ভুক্তভোগী আয়ভিনা বেগম অভিযোগ করে বলেন, অভিযুক্তরা একাধিক খুন, গুম, হত্যা, লুটপাট, ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি এবং আওয়ামী লীগের দোসর। তাদের প্রত্যক্ষ ইন্ধনে এবং সাকিব, রাকিব, সোহেল, আকতার ও সুজন ডাকাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাজিব উদ্দিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। বাধা দিতে গেলে নারীদের ওপর শারীরিক নির্যাতন ও মারধর করা হয়। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ করলেও মামলা নেয়নি পুলিশ।
পরিবারের দাবি, হামলাকারীরা ঘরের আলমারি, শোকেস ও ওয়ারড্রোব ভেঙে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে। ভাঙচুর ও লুটপাটে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ মিলিয়ে প্রায় ৩৮ লাখ ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় প্রায় ৪০ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া বাধা দিতে গেলে মারধর করা হয় এবং গলায় অস্ত্র ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য বিষয়টি পুলিশকে অবহিত করার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ যায়। এ ধরনের কোনো ঘটনা ঘটার সুযোগ ছিল না। তবে পুলিশ বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে এলে ওই সময় নারীদের কিছু আওয়াজ শুনতে পায়।

