চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ

0
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নিখোঁজের তিনদিন পর পাগলা নদী থেকে দশম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। শিক্ষার্থী হলো শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, উজিরপুর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে ও শিবগঞ্জ ফ্রিডোম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাফি আল শাহাদাত হোসেন নাইম। পারিবারিক সূত্রে জানা গেছে গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল আটটার দিকে পিতার ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে অনেক স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরের মরা পাগলা এলাকার নদীতে তার লাশ ভাসতে দেখে এলাকার লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন । বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি(তদন্ত) সুকমল দেব জানান, পারিবারিক কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি ইউডি মামলা করা হয়েছে।