কেশবপুর প্রতিনিধি: ভারতের দিল্লির মেডান্তা হাসপাতাল কর্তৃপক্ষ কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুকে মৃত ঘোষণা করেছে। শনিবার মধ্যরাতে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে আইসিইউ থেকে মরদেহ নামিয়ে হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাইপো সাজ্জাদ মিল্টন। তিনি জানান, আগামী মঙ্গলবার মরদেহ ঢাকায় আনা হবে। এরপর যশোর হয়ে কেশবপুরের বালিয়াডাঙ্গা নিজ গ্রামে নেওয়া হবে। পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ মৌখিকভাবে অ্যাডভোকেট মিন্টুকে মৃত ঘোষণা করলেও পরে জানায় তিনি তখনও জীবনায়ু ধরে রেখেছিলেন। সর্বশেষ শনিবার মধ্যরাতে লিখিতভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক দল। কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকার সন্তান অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ভাগনে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা মিন্টু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ একাধিক দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি যশোর জেলা আইনজীবী সমিতির সক্রিয় সদস্য ছিলেন এবং সরকারি কৌঁসুলি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ আইনজীবী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

