শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়া গ্রামের ঘাস ক্ষেত উদ্ধার হওয়া গলাকাটা লাশের সন্ধান মিলেছে। তার নাম মোস্তাকিন হোসেন জাহিদ (১২ )। সে পাবনা জেলার আতাইকুলা থানার সোনাপুর গ্রামের ভ্যানচালক মানিক মিয়ার ছেলে এবং আতাইকুলা থানার মধুপুর আলহেরা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। গত শুক্রবার সকাল থেকে সে নিখোঁজ ছিল । অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে রাতে আতাইকুলা থানায় একটি জিডি করেন তার বাবা মানিক মিয়া।
উল্লেখ্য , গত শনিবার দুপুরে উপজেলার চরাচিথুলিয়া গ্রামে কৃষকেরা ঘাস ক্ষেতে এক কিশোরের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিকেল ৩ টায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ওই কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের ঘটনাটি ‘পাবলিক কনসেপ্ট’ নামে একটি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। একপর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের বাবা ও তার স্বজনরা রাত ৮টার দিকে শাহজাদপুর থানায় পাঠান।
এসময় মানিক মিয়া তার ছেলে মোস্তাকিনের লাশ শনাক্ত করেন। ওই মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব আলি জানান, গত শুক্রবার সকাল ১১টা থেকে সে নিখোঁজ ছিল। এদিকে ,শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জের পিবিআই ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রোববার (১২ এপ্রিল) থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নৃশংস ওই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি সিরাজগঞ্জের পিবিআই ও সিআইডি পুলিশের দুইটি দল তদন্তে নেমেছেন। তিনি জানান, নিহত কিশোরের গলা কাটা এবং মুখমণ্ডলে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

