কুমিল্লায় চালবোঝাই ট্রাক খাদে: দিনাজপুরের ৭ শ্রমিক নিহত, আহত ৬

0
কুমিল্লায় চালবোঝাই ট্রাক খাদে: দিনাজপুরের ৭ শ্রমিক নিহত, আহত ৬

কুমিল্লা প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায় বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রাকের ওপরেই চালের বস্তার পাশে অবস্থান করছিলেন ১৩ জন যাত্রী।

হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা যাত্রীরা ভারী চালের বস্তার নিচে চাপা পড়েন।

ঘটনা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনাস্থলেই ৭ জন মারা যান। নিহতরা হলেন, আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০), আব্দুর রশিদ (৫৫)

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, “নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আহত ৬ জনকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ট্রাকটি উল্টে যাওয়ায় যাত্রীরা চালের বস্তার নিচে আটকা পড়েছিলেন, যা উদ্ধার কাজে প্রতিকূলতা তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় থাকায় এবং ট্রাকের ওপরে চড়ে ভ্রমণ করায় হতাহতের সংখ্যা এত বেশি হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং নিহতদের পরিবারকে খবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।