রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন: ১৫ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

0
রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন: ১৫ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাস্তার সংকীর্ণতা এবং তীব্র পানি সংকটের কারণে প্রথম দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় তারা। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে ঘনবসতিপূর্ণ বস্তি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও ইউনিট এসে উদ্ধার কাজে যোগ দেয়।

শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের মোট ১২৩ জন কর্মী স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সহায়তায় সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের লে. কর্নেল আজাদ আনোয়ার গণমাধ্যমকে বলেন “সবার সম্মিলিত সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশা করি আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে। তবে রাস্তার সংকীর্ণতা ও পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে।”

আগুন নিয়ন্ত্রণে এলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লে. কর্নেল আজাদ আনোয়ার এ প্রসঙ্গে জানান, “প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।”

বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের (আগুন পুরোপুরি নির্বাপণ) কাজ করছেন এবং বস্তিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।