জয়নাল আবেদীনঃ তীব্র তাপদাহ আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে যখন পুড়ছে দেশ, তখন ছাদকৃষির মাধ্যমে এক টুকরো সবুজের স্বস্তি মিলেছে রংপুর নগরীতে। বহুতল ভবনের ছাদে ও বাড়ির আঙিনায় গড়ে ওঠা এই সবুজ বনায়ন নগরীর তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনতে দারুণ ভূমিকা রাখছে। একই সঙ্গে ছাদ ও আঙিনার বিষমুক্ত কৃষির মাধ্যমে নিজেদের পুষ্টির চাহিদাও নিশ্চিত করছেন নগরবাসী।
সোমবার সকালে রংপুর নগরীর একটি পার্ক মিলনায়তনে আয়োজিত এক প্রকল্প সমাপনী কর্মশালায় এসব তথ্য জানানো হয়। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ‘রংপুর নগরীতে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও নগরবাসীর পুষ্টি উন্নয়নে নগর কৃষি সম্প্রসারণ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সংস্থার টিম লিডার সুমনা জানান, ১৭ মাস মেয়াদী এই টেকসই প্রকল্পের মাধ্যমে নগরীর ১০০ জন ছাদ ও মাটির বাগানীর দক্ষতা বৃদ্ধি করা হয়েছে। এর সুফল হিসেবে ছাদবাগানের কারণে ভবনের ভেতরের ও চারপাশের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে আসছে।ছাদের সবুজ গাছপালা বায়ুমণ্ডলের ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে সতেজ রাখছে। বছরে দুই মৌসুমে ছাদকৃষি থেকে গড়ে ১০২ কেজি এবং আঙিনা কৃষি থেকে গড়ে ১৭১ কেজি সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদ শাকসবজি উৎপাদিত হচ্ছে, যা পারিবারিক পুষ্টির চাহিদা মেটাচ্ছে। চাষাবাদে আইপিএম (সমন্বিত বালাই ব্যবস্থাপনা), পানির অপচয় রোধ এবং শতভাগ জৈব সার ব্যবহার করায় মাটির গুণাগুণ বজায় থাকছে।
প্রকল্পের আওতায় নগরীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল পর্যায়ে ছাদবাগান গড়ে তোলা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা একদম ছোট বয়স থেকেই ব্যবহারিক উপায়ে কৃষি, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্পর্কে জানতে ও আগ্রহী হতে পারছে।
বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর চরম ভাবাপন্ন আচরণ মোকাবেলায় কংক্রিটের নগরীতে এমন ‘সবুজ ছাদ’ বা গ্রিন রুফিং (Green Roofing) মডেল আগামী দিনে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।
সংস্থার পরিচালক হাসান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শফিকুল বারী।
এছাড়াও জলবায়ু অভিযোজন ও নগর পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম (বিভাগীয় প্রধান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), মোহাম্মদ মোজাম্মেল হক (প্রতিনিধি, ইউএনডিপি), নুরুল ইসলাম (রংপুর বিভাগীয় বন কর্মকর্তা), নজরুল ইসলাম (নগর পরিকল্পনাবিদ, রংপুর সিটি কর্পোরেশন), ফেরদৌসী আশরাফী ও এনামুল হাসান (স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ)
উক্ত সমাপনী কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, আবহাওয়া ও কৃষি গবেষক, ছাদবাগানী এবং চারা ও জৈব সার উৎপাদনকারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা রংপুর সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ভবনে ছাদকৃষি বাধ্যতামূলক করা এবং হোল্ডিং ট্যাক্সে বিশেষ ছাড় দেওয়ার মতো উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

