বাংলাদেশ প্রতিবেদকঃ দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (Extradition Request) পাঠিয়েছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মামলার এজাহার ও অভিযোগপত্রসহ (Charge Sheet) ১৪৪ পৃষ্ঠার আইনি নথিপত্র ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাঠানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাকে দেশে ফেরানো সম্ভব হবে বলে সরকার আশাবাদ ব্যক্ত করেছে।
শনিবার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দুবাইয়ে আটকের পরপরই ১৪৪ পৃষ্ঠার মামলার বিস্তারিত নথিপত্র আরব আমিরাতে পাঠানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সরাসরি বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (MLA) মাধ্যমে ইতোমধ্যে আনুষ্ঠানিক সহযোগিতা চাওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে দেশে মোট ৬টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলা বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং বাকি ৫টি মামলা তদন্তাধীন। আগামীকাল (২১ জুন) সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলোর কাছ থেকে এসব মামলার অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে খোঁজ নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, এবারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধীদের দমনে আগের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন ও কঠোর নীতি অবলম্বন করছে।
তদন্ত সংস্থা ও আদালতের নির্দেশে সাবেক এই পুলিশ প্রধানের দেশে-বিদেশে গড়ে তোলা বিপুল অবৈধ সম্পদের পাহাড় এখন আইনি নিয়ন্ত্রণে।
বাংলাদেশে থাকা বেনজীর আহমেদের ৬২১ বিঘা জমি ও খামার, গুলশানের ৯ হাজার ১৯২ বর্গফুটের ৪টি বিলাসবহুল ফ্ল্যাট এবং গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট বর্তমানে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে (Receiver নিযুক্ত) রয়েছে।
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও বেনজীরের সম্পদের খোঁজে চিরুনি অভিযান চলছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে থাকা তার দুটি বিলাসবহুল বাড়ি ইতোমধ্যে মার্কিন কর্তৃপক্ষ জব্দ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে থাকা তার নগদ অর্থ ও তহবিল আদালতের আদেশে অবরুদ্ধ (Freeze) করা হয়েছে।
দুবাইয়ে রিয়েল এস্টেট থেকে শুরু করে হোটেল ব্যবসাসহ বিভিন্ন খাতে তার বিপুল বেনামি বিনিয়োগের অভিযোগ রয়েছে, যা বর্তমানে আন্তর্জাতিক তদন্তের আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, ইন্টারপোলের (Interpol) রেড নোটিশ জারির পর গত ১২ জুন দুবাইয়ে আটক হন বেনজীর আহমেদ। এর একদিন পর বিষয়টি জাতীয় সংসদকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নিয়ম অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের আদালত বাংলাদেশের পাঠানো ১৪৪ পৃষ্ঠার নথিপত্র বিচার-বিশ্লেষণ করে বেনজীরকে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত রায় দেবে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, ওই আদেশের বিরুদ্ধে আপিল করার আইনি সুযোগ পাবেন বেনজীর আহমেদ।
ব্রিফিংয়ে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মোহাম্মদপুর এলাকাটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাতারাতি মোহাম্মদপুরের মতো এলাকা থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হচ্ছে না, তবে এই নির্দিষ্ট এলাকা নিয়ে আমাদের বিশেষ ও আলাদা পরিকল্পনা আছে।”
পুলিশের সংস্কার ও জবাবদিহিতা প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, “দুষ্টের দমন ও শিষ্টের পালনে আমরা কঠোর। কর্তব্যে অবহেলা, দুর্নীতি ও জনহিতকর কাজের মূল্যায়নে পুলিশ বাহিনীর জন্য কঠোর জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভালো কাজের জন্য পুরস্কার এবং অনিয়মের জন্য শাস্তি নিশ্চিত করা হবে।”
এছাড়াও, আগামী ২৩ জুনকে কেন্দ্র করে একটি নিষিদ্ধ সংগঠন দেশে অস্থিরতা ও নাশকতা সৃষ্টি করতে চায় বলে সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, “তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি মাফিয়া দল। এই অপতৎপরতা রুখতে দেশের সব গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

