ভূ-রাজনীতিতে নতুন বার্তা: দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
ভূ-রাজনীতিতে নতুন বার্তা: দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কূটনৈতিক প্রতিবেদকঃ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রবিবার (২১ জুন) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। দুই দিনের মালয়েশিয়া সফর শেষে আগামী ২৩ জুন তিনি সরাসরি পরাশক্তি চীনের উদ্দেশে রওনা হবেন। ২৬ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই মেগা দ্বিপাক্ষিক সফরের বিস্তারিত সূচি ও এজেন্ডা তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

বিগত বছরগুলোর বিশাল আকারের ভিভিআইপি সফরসঙ্গী বহরের চিরচেনা সংস্কৃতি থেকে এবার সম্পূর্ণ বেরিয়ে এসেছে নতুন সরকার। পররাষ্ট্রসচিব জানান, সরকারের কৃচ্ছ্রসাধন ও মিতব্যয়িতা নীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা অত্যন্ত যৌক্তিক পর্যায়ে রাখা হয়েছে। মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন মাত্র ২৭ জন এবং চীন সফরে থাকছেন ২৮ জন। এই বহরে মন্ত্রীদের চেয়ে সরকারের নীতি-নির্ধারক ও উপদেষ্টাদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

কুয়ালালামপুর পৌঁছানোর পর ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত (One-to-One) বৈঠকে বসবেন তারেক রহমান। এরপর উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ার বাজারে সিন্ডিকেট ও নানা জটিলতায় বন্ধ থাকা বাংলাদেশি নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করা এবার সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এছাড়া দেশটিতে থাকা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ এবং শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট পাস’ সুবিধার বিষয়টিও আলোচনায় আসবে।

দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাতের অংশীদারিত্ব। একই সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ‘আসিয়ান’ (ASEAN)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার জোরালো সমর্থন চাওয়া হবে। এই সফরে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) সইয়ের পাশাপাশি বাণিজ্যিক আলোচনার ‘টার্মস অফ রেফারেন্স’ বিনিময় হবে।

কুয়ালালামপুর থেকে ২৩ জুন প্রধানমন্ত্রী সরাসরি চীনের ডালিয়ান বন্দরে পৌঁছাবেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) ১৭তম বার্ষিক সভায় (যা ‘সামার ডাভোস ফোরাম’ নামে পরিচিত) যোগ দেবেন এবং জলবায়ু নেতৃত্ব নিয়ে উচ্চপর্যায়ের ভাষণ দেবেন।

পররাষ্ট্রসচিব জানান, ২৪ জুন আন্তর্জাতিক সিইও এবং বিশ্বনেতাদের সাথে বৈঠকের পর ২৫ জুন বেইজিংয়ে চীনের প্রিমিয়ার লি ছিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। এরপর ২৬ জুন গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে মিলিত হবেন তিনি।

চীন সফরে বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে প্রায় ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক (MoU) সই হতে পারে, যার মধ্যে অবকাঠামো, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চালিত শিল্পখাত এবং প্রযুক্তিগত সহযোগিতা অন্যতম।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে ভারত বা চীনকে বেছে না নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিমপ্রধান ও প্রধান শ্রমবাজারের দেশ মালয়েশিয়াকে বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ভূ-রাজনৈতিক কোনো শিবিরে না জড়িয়ে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ ‘বাংলাদেশ ফার্স্ট’ (বাংলাদেশ প্রথম) পররাষ্ট্রনীতির এক বড় বার্তা। এর মাধ্যমে ঢাকার অভ্যন্তরীণ রাজনৈতিক স্বাভাবিকতা ও আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী অংশীদারিত্বের এক নতুন বার্তা বিশ্বমঞ্চে উপস্থাপিত হচ্ছে।