
খুলনা ব্যুরো: “এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী বা পরিবারকে তোষামোদ করার জন্য নয়। কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়—বরং দুনিয়ার বুকে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান ও শক্তি নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য।”
শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শোষণ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি ‘মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে যুবসমাজকে আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি ও পুশ-ইন চেষ্টার তীব্র সমালোচনা করে জামায়াত আমির বলেন, “সীমান্তে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। পুশ-ইনের নামে অন্য দেশের নাগরিকদের আমাদের দেশে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তবে আমাদের বিজিবি যখন সীমান্তে দাঁড়িয়েছে, ২০ কোটি জনগণ তখন তাদের ডান হাতে পরিণত হয়েছে।” তিনি প্রতিবেশীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা কোনো প্রতিবেশীর শান্তি কেড়ে নিতে চাই না, আবার কেউ আমাদের দিকে কালো হাত বাড়াক—সেটাও বরদাশত করব না। যদি কেউ কালো হাত বাড়ায়, আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, সেই হাত ভেঙে দেওয়া হবে।”
সমাবেশে মিত্র দল বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি। আমরা বিএনপিকে বলছি—দেশ ও জাতির স্বার্থে আপনারা ভুল করছেন। ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন এবং জনরায়কে সম্মান করুন।” তিনি সখেদে বলেন, বারবার পরিণতি দেখার পরও যদি শিক্ষা না হয়, তবে জীবনেও শিক্ষা হবে না।
নির্বাচনী ফলাফলে কারচুপির অভিযোগ এনে বিরোধীদলীয় নেতা বলেন, দেশে যেন গৃহযুদ্ধ না বাঁধে, তাই শত যন্ত্রণা বুকে নিয়ে তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। তবে সংসদে তারা ‘সিংহের মতো’ লড়াই চালিয়ে যাবেন। তিনি হুঙ্কার দিয়ে বলেন, “সহজে কানে পানি না ঢুকলে সিরিঞ্জ দিয়ে ঢোকাতে হবে। যদি ফয়সালা সংসদে না হয়, তবে যেখানে কথা বলতে স্পিকারের অনুমতি লাগে না—সেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটের মাঠ থেকে আগ্নেয়গিরি তৈরি হবে। সেই দাবানলে সব আবর্জনা পুড়ে ছারখার হয়ে যাবে।”
নেতাদের ফাঁসির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, তাদের নেতারা ফাঁসির তক্তায় দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দিয়ে গেছেন। দেশের মানুষও এখন সেই সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এই বিশাল বিভাগীয় সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ড. অলি আহমদ বীর বিক্রম, চেয়ারম্যান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি,মাওলানা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস, নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ড. মুস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান, লেবার পার্টি, সাখাওয়াত হোসাইন, সিনিয়র নায়েবে আমির, খেলাফত মজলিস, রাশেদ প্রধান, সহসভাপতি, জাগপা।
সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই খুলনা ও আশেপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুনসহ সার্কিট হাউজ ময়দানে জড়ো হন, যা একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।
