লক্ষ্মীপুর প্রতিনিধি: “ডাক্তার বানাবো বলে ছেলেকে দামি স্কুলে ভর্তি করিয়েছিলাম। সেই স্কুলই কেড়ে নিলো আমার কলিজার টুকরার প্রাণ! আমি এখন কী নিয়ে বাঁচবো? অন্ধকারে বাবা আমার খুব ভয় পেতো, এখন তো কবরে কোনো আলো নেই…”— এভাবেই কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলে নিহত অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসানের মা শারমিন আক্তার।
একটি আইফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে সিনিয়র ছাত্রদের অমানসিক নির্যাতনে অকালেই ঝরে গেল এক সম্ভাবনাময় প্রাণ। আদরের সন্তানকে হারিয়ে পুরো পরিবার এখন সম্পূর্ণ বিধ্বস্ত।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জুন) রামগঞ্জের উদয়পুরে অবস্থিত ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলে এক ছাত্রের একটি আইফোন চুরির ঘটনা ঘটে। এই চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেণির আবাসিক ছাত্র মেহেদী হাসানকে হলের একটি কক্ষে ডেকে নেয় বেশ কয়েকজন সিনিয়র ছাত্র। সেখানে দরজা বন্ধ করে তার ওপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় অমানসিক নির্যাতন। কয়েক ঘণ্টা ধরে চলা এই নৃশংসতা সহ্য করতে না পেরে একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেহেদী।
ছেলের এমন নির্মম মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা জিয়া উদ্দিন। তিনি আক্ষেপ করে বলেন, “একটা আইফোনের জন্য আমার ছেলেকে এভাবে পিটিয়ে মেরে ফেলল! আমাকে একটা বার জানালে আমি নিজেই আইফোন কিনে দিতাম। ওরা আমার ছেলেকে এভাবে মারলো কেন?”
মেহেদী হত্যাকাণ্ডের খবর ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ ও উত্তেজিত জনতা ওই রাতেই স্কুল ক্যাম্পাসে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে বিদ্যালয় কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের জন্য প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে।
এ ঘটনায় নিহত মেহেদীর বাবা জিয়াউদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর পরই দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান শিক্ষক আ. মান্নানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
তবে ঘটনার পর বেশ কিছু দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠছে স্থানীয় এলাকাবাসী ও সহপাঠীরা।
পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা সান্ত্বনা দিতে এলে বাবা-মায়ের শোক আরও তীব্র হয়ে উঠছে। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কারও জানা নেই। অপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত এই আত্মা শান্তি পাবে না।

