
আন্তর্জাতিক ডেস্কঃ চার দশকেরও বেশি সময় ধরে ইসলামী বিপ্লবের হাল ধরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির প্রয়াণে ইরানজুড়ে এখন রাষ্ট্রীয় শোকের মাতম। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বিদায়ী এই মহান নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হচ্ছেন লাখো ইরানি নাগরিক এবং বিশ্বনেতারা। আজ শুক্রবার তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ নিয়ে আসার মাধ্যমে শুরু হয়েছে ষড়াহব্যাপী (৬ দিন) স্মরণীয় বিদায় অনুষ্ঠান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সর্বোচ্চ নেতার এই মহাপ্রয়াণে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খামেনির দাফনসংক্রান্ত আনুষ্ঠানিকতায় অংশ নিতে বিশ্বের প্রায় ১০০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা তেহরানে উপস্থিত হচ্ছেন।
প্রতিবেশী রাষ্ট্রগুলোসহ বিশ্বের অন্তত ৮ জন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং ১২টি দেশের পার্লামেন্ট স্পিকার এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
অনেক দেশ তাদের পররাষ্ট্রমন্ত্রী, অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রী বা বিশেষ দূতের নেতৃত্বে শক্তিশালী কূটনৈতিক প্রতিনিধিদল পাঠাচ্ছে। এর মধ্যে ইন্দোনেশিয়া, আফগানিস্তানের শীর্ষস্থানীয় ইসলামী আলেম ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছেন।
পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিদল ও পার্লামেন্ট সদস্যরা উপস্থিত থাকলেও, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলাকে যারা প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছিল, পশ্চিম ইউরোপের সেইসব দেশকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
এদিকে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেশবাসীকে জাতি-ধর্ম-বর্ণ ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে এই জানাজায় শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তিনি লিখেছেন “বীরত্বপূর্ণ ইরান যখন ইসলাম ও বিপ্লবের একনিষ্ঠ সেবককে শেষবিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে, তখন আমি দেশের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্ত ও মর্যাদাপূর্ণভাবে ইতিহাসে স্মরণীয় সংখ্যায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে আমাদের জাতীয় ঐক্য ও ইসলামী রাষ্ট্রব্যবস্থার উচ্চ আদর্শের এক অবিনশ্বর চিত্র ফুটে উঠবে।”
প্রেসিডেন্টের এই আহ্বানে সাড়া দিয়ে ইরানের অভ্যন্তরীণ বিভিন্ন স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও সর্বোচ্চ নেতার প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বোচ্চ নেতার কার্যালয়ের কর্মী এবং সাম্প্রতিক যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি নিভৃত, আবেগঘন ব্যক্তিগত বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের নিউজ’ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, খামেনির এই অন্ত্যেষ্টিক্রিয়ায় ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি (১৫-২০ মিলিয়ন) মানুষের সমাগম ঘটতে পারে, যা আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম এবং নজিরবিহীন জনসমুদ্রে পরিণত হতে যাচ্ছে।
তেহরান থেকে শুরু হওয়া এই শোকযাত্রা আগামী ৬ দিন ধরে শিয়া ইসলামের অন্যতম পবিত্র নগরী কোম, ইরাকের নাজাফ এবং ইরানের মাশহাদে বিভিন্ন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কর্মসূচির মাধ্যমে আবর্তিত হবে। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো ইরানজুড়ে বর্তমানে নিশ্ছিদ্র ও সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর এক যৌথ সামরিক হামলায় নিহত হন আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। তাঁর এই আকস্মিক প্রয়াণের পর থেকেই সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ ও সুদূরপ্রসারী যুদ্ধের সূত্রপাত ঘটে।
