
আজকের ডেস্কঃ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ ও ইরানের সংসদীয় প্রধানরা। আজ শুক্রবার ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের মধ্যে এই আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতেই স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। ইতিহাসের এই ক্রান্তিলগ্নে এবং জাতীয় শোকের কঠিন সময়ে ইরান সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সরকার এবং সাধারণ জনগণের পক্ষ থেকে অকুন্ঠ সংহতি ও সহমর্মিতা পুনর্ব্যক্ত করেন তিনি।
এ সময় ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেওয়ায় বাংলাদেশের স্পিকার ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা ও কৃতজ্ঞতা জানান।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরান ও বাংলাদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন ঐতিহাসিক বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক মেলবন্ধন এবং দুই দেশের জনগণের মধ্যকার আত্মিক সম্পর্কের কথা বিশেষভাবে তুলে ধরেন।
একই সাথে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (Peace MoU)সহজতর করার ক্ষেত্রে ইরানি স্পিকার গালিবাফের গঠনমূলক ও দূরদর্শী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের স্পিকার। তিনি আশা প্রকাশ করে বলেন, ঐতিহাসিক এই চুক্তি ইরানের সাধারণ জনগণের অধিকার রক্ষা করবে এবং সামগ্রিকভাবে বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি টেকসই শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।
চলমান আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, সংলাপ ও কূটনীতিই যেকোনো সংকট সমাধানের একমাত্র পথ। অমীমাংসিত ইস্যুগুলোর একটি টেকসই ও স্থায়ী সমাধান অর্জনে সংশ্লিষ্ট সকল পক্ষ এই শান্তি চুক্তির গতিবেগকে কাজে লাগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকের শেষভাগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য সাদর আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে গতকাল বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই প্রটোকল অনুযায়ী উষ্ণ অভ্যর্থনা জানান।
