কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বিবাহিত স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়া, হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল কাদির (২২) কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (১৩ জুলাই) রাত ৮টায় কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল কাদির অভিযোগ করেন, ২০২৪ সালে প্রেমের সম্পর্কের পর মৌলভীবাজার আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে একই গ্রামের তানজিনা রহমান সাদিয়াকে বিয়ে করেন। পরিবারের অমতে বিয়ে হওয়ায় প্রায় ২ মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তার বাড়িতে চলে আসেন। এরপর থেকেই অভিযুক্তরা তাদের হুমকি দিয়ে আসছিল বলে তিনি দাবি করেন।
তার অভিযোগ, সোমবার দুপুরে স্ত্রী ও স্বজনদের নিয়ে সিএনজিযোগে দাওয়াতে যাওয়ার পথে নারায়ণপুর এলাকায় সাবেক ইউপি সদস্য মৃত আইন উল্ল্যার ছেলে জুয়েল রানার নেতৃত্বে খোকন, ছামাদ, শহীদ, সুহেল মিয়াসহ কয়েকজন মোটরসাইকেল নিয়ে সিএনজির গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আব্দুল কাদিরসহ পাঁচজন আহত হন। হামলার সময় এক নারীর গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং তার স্ত্রী তানজিনা রহমান সাদিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত খোকন মিয়ার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
