মিঠামইনে নিজ বাড়ির সামনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা, এলাকায় চরম উত্তেজনা

0
মিঠামইনে নিজ বাড়ির সামনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা, এলাকায় চরম উত্তেজনা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫২) নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন তাঁর নিজ বাসস্থান ‘বাগানবাড়ি’র প্রবেশদ্বারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ হামলায় জাহাঙ্গীরকে বাঁচাতে গিয়ে হাদিস মিয়া (৪৫) নামে এক সক্রিয় বিএনপি কর্মীও গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে মিঠামইন ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে মিঠামইন বাজার থেকে সাংগঠনিক ও ব্যক্তিগত কাজ শেষে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছানোমাত্র আগে থেকে ওত পেতে থাকা ৩-৪ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তাঁর সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়া তাঁকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁকেও কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

আহত হাদিস মিয়া বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সাবেক এই জনপ্রিয় বিএনপি নেতার এমন নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাতেই মিঠামইন সদরে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতকদের গ্রেপ্তারে জোর অভিযান শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।