
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবরুদ্ধ করার হুমকির রেশ কাটতে না কাটতেই এবার লোহিত সাগরের প্রবেশদ্বার ‘বাব-এল-মান্দেব’ প্রণালিকে ঘিরে ঘনীভূত হচ্ছে নতুন সংকট। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, তেহরান তার মিত্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটিকে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহের ওপর কৌশলগত চাপের নতুন হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।
যদি সত্যিই বাব-এল-মান্দেব অবরুদ্ধ বা অশান্ত হয়ে ওঠে, তবে বৈশ্বিক পণ্য পরিবহন ও জ্বালানি বাজার এক নজিরবিহীন সংকটের মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘প্রেস টিভি’র বরাতে জানা গেছে, ইয়েমেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুংকার দিয়ে বলেছেন, সৌদি আরব ও তার মিত্ররা যদি ইয়েমেনে সামরিক হামলা অব্যাহত রাখে, তবে বাব-এল-মান্দেব প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হতে পারে।
হুতি আন্দোলন আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর প্রভাবশালী সদস্য মোহাম্মদ আল-ফারাহ সরাসরি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রই মূলত সৌদি আরবকে ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে পেছন থেকে উসকানি দিচ্ছে। তবে এই পরিকল্পনা সফল হবে না দাবি করে তিনি বলেন, “পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায়, তবে হরমুজ এবং বাব-এল-মান্দেব—উভয় প্রণালিই আমরা অচল করে দেব। আর এমনটা ঘটলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ২০০ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।”
বিশ্লেষকদের মতে, ইরান সামরিক মুখোমুখি লড়াইয়ের চেয়ে প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার কৌশল নিয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক ফাওয়াজ গেরগেস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তেহরান এখন ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিতে চায় যে, তারা চাইলে একই সময়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সামুদ্রিক ধমনী (হরমুজ ও বাব-এল-মান্দেব) একসাথে অচল করে দিতে সক্ষম।
লন্ডনের কিংস কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আন্দ্রিয়াস ক্রিগের মতে, বাব-এল-মান্দেব ঘিরে হুতিদের এই হুমকি ইরানের জন্য আরেকটি তুরুপের তাস। তবে কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতি তৈরি না হলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এখনই চরম এই পদক্ষেপটি নেবে না।
লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এই সংকীর্ণ প্রণালিটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য লাইফলাইন বা জীবনরেখা স্বরূপ।
সৌদি আরবের তেল রপ্তানির একটি বিশাল অংশ এই পথেই পরিবাহিত হয়। ইউরোপ ও এশিয়ার মধ্যকার সিংহভাগ পণ্যবাহী জাহাজ সুয়েজ খাল হয়ে এই রুটেই যাতায়াত করে।
২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর হুতিদের হামলার মুখে বড় বড় শিপিং কোম্পানি লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হয়েছিল। যার ফলে বিশ্বজুড়ে পরিবহন ব্যয় ও পণ্যের দাম এক লাফে বহুগুণ বেড়ে যায়।
বর্তমান পরিস্থিতি নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ দেখা দিয়েছে সামরিক পরিভাষার ‘মিশন ক্রিপ’ বা ধীরে ধীরে সংঘাতের পরিধি বিস্তৃত হওয়ার প্রবণতা নিয়ে। সরাসরি যুদ্ধ ঘোষণা না হলেও একের পর এক ছোট পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা পুরো বিশ্বকে গ্রাস করতে পারে।
যুক্তরাষ্ট্রের সাবেক মধ্যপ্রাচ্যবিষয়ক শান্তি আলোচক ডেনিস রসের মতে, এই মুহূর্তে প্রধান লক্ষ্য হওয়া উচিত এমন একটি কূটনৈতিক পরিবেশ তৈরি করা, যাতে ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে এনে একটি গ্রহণযোগ্য সমঝোতায় বাধ্য করা যায়।
তবে ভিন্ন সুর শোনা যাচ্ছে সৌদি আরবভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আবদুলআজিজ সাগেরের কণ্ঠে। তিনি মনে করেন, তেহরানের সাথে কূটনৈতিক সমাধানের পথ দিন দিন সংকুচিত হচ্ছে। হুতিরা যদি আন্তর্জাতিক নৌ-নিরাপত্তায় বড় কোনো আঘাত হানে, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সামরিক অভিযান অবসম্ভাবী হয়ে উঠবে। আর এই সংঘাতের চড়া মূল্য চুকাতে হবে পুরো বিশ্বকে।
