ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব ফেরাল তেহরান: হরমুজ ছাড়তে নারাজ ইরান

0
ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব ফেরাল তেহরান: হরমুজ ছাড়তে নারাজ ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মধ্যস্থতায় পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের স্পষ্ট বার্তা—সংকটের মূল কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালির চূড়ান্ত সমাধান ছাড়া কোনো ধরনের সাময়িক চুক্তিতে যাবে না তারা। এদিকে এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই টানা ১৩ দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

মার্কিন শীর্ষ সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, চলতি মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একটি শান্তি প্রস্তাব নিয়ে গত বৃহস্পতিবার তেহরান সফর করেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। সফরে তিনি তেহরানকে আশ্বস্ত করেন যে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তবে ইরাকি প্রধানমন্ত্রীর এই মধ্যস্থতা প্রচেষ্টা সত্ত্বেও তেহরান তাদের কঠোর অবস্থানে অনড় রয়েছে।

যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান “উপসাগরীয় অঞ্চলে জলযান বা পণ্যবাহী কার্গোর ওপর যে কোনো হামলায় ক্ষতিপূরণ আদায় করা হবে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের বাজেয়াপ্ত অর্থ থেকে।”

ট্রাম্পের এই নজিরবিহীন ঘোষণার কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এটিকে অত্যন্ত উসকানিমূলক আখ্যা দিয়ে তিনি সতর্ক করে বলেন “আইনি দাবির অজুহাতে অন্য দেশের অর্থ-সম্পদ বাজেয়াপ্ত করা একটি বিপজ্জনক খেলা। রাষ্ট্রগুলো যদি একতরফাভাবে সম্পদ আটক করা শুরু করে, তবে বৈশ্বিক অর্থনীতিতে কারও সম্পদই আর নিরাপদ থাকবে না। এর পরিণতি হবে চরম বিশৃঙ্খল।”