পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন রাষ্ট্রপতির: স্পিকারের শিডিউল পেলেই বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন

0
পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন রাষ্ট্রপতির: স্পিকারের শিডিউল পেলেই বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন

বাংলাদেশ প্রতিবেদকঃ পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে বঙ্গভবন (রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয়) সূত্রে আজ শুক্রবার দুপুরে নিশ্চিত করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার সময় দিলেই তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করা হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা ও গুঞ্জন চলছিল। অবশেষে বঙ্গভবনের দায়িত্বশীল কর্তৃপক্ষের বার্তার মাধ্যমে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে।

রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন জোর চর্চা চলছে, ঠিক তখনই থাইল্যান্ডের সফর সংক্ষিপ্ত করে আজ শুক্রবার দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তবে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের প্রশ্নের মুখে স্পিকার জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না।

রাষ্ট্রপতির পদত্যাগ পরবর্তী আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে বিমানবন্দরে সাংবাদিকদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন “রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তবে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও স্পষ্ট করেন যে, সংবিধানের নিয়ম অনুযায়ী পরবর্তীতে জাতীয় সংসদকে ৯০ দিনের মধ্যে নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।