দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলো ঘরবন্দী সালেহা বেগম, তার চিকিৎসার দায়িত্ব নিল কলাপাড়া উপজেলা প্রশাসন

0
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলো ঘরবন্দী সালেহা বেগম, তার চিকিৎসার দায়িত্ব নিল কলাপাড়া উপজেলা প্রশাসন

কলাপাড়া প্রতিবেদক: ভিবিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর দীর্ঘ ১৫ বছর ঘরবন্দী থাকা সালেহা বেগমকে অবশেষে জরাজীর্ণ বসতঘর থেকে বের করা হয়েছে। পরে প্রশাসনের সহায়তায় চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে বারোটায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার ঝুঁকিপূর্ণ ওই ঘর থেকে তাকে বের করে আনেন তার ছেলে জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

সূত্র জানায়, স্বামী আবুল কালামের মৃত্যুর পর গত দেড় দশক জরাজীর্ণ ওই ঘরে জীবন কাটিয়েছেন তিনি। দীর্ঘ এ সময়ে একবারের জন্যও ঘরের বাইরে বের হননি, কারও সঙ্গে একটি কথা বলেননি। গোসল কিংবা প্রাকৃতিক কাজ কোথায় সারতেন সেটাও ছিলো সবার অজানা। তবে তার মেয়ে লাকী বেগম তাকে খাবার দিতেন। আর তার ছেলে কিডনি রোগে আক্রান্ত হওয়ায় তার ঠিকমত দেখাশোনা করতে পারেননি। তাকে বাইরে বের করায় উচ্ছ্বসিত এলাকাবাসী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ওই নারী ও তার পুত্র কে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সরকারী সেবা সুবিধার আওতায় আনার জন্য তার এন আই ডি করার উদ্যোগ নেয়া হয়েছে।

কলাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামান গনমাধ্যমকে বলেন, ওই নারীকে উপজেলা প্রশাসন থেকে নতুন ঘর তুলে দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।