শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে নজরুল বর্ষ ‘২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি ) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ওস্তাদ সালামত হোসেন চৌধুরী রীনা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) নাজমুল কাদির, সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ প্রমূখ । আলোচনা সভার শেষে ঘন্টা ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ইব্রাহিম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও ইব্রাহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার ১০টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত ‘চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার’ ‘এ কি অপরূপ রূপে মা তোমায় দেখিনু পল্লী জননী’ এই ৩টি সঙ্গীত পরিবেশন করেন।
এছাড়াও শিক্ষার্থীরা নজরুল ইসলাম রচিত আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে সকল সরকারি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সংগীত বিদ্যালয়ের পরিচালক , শিল্পী ও সাংস্কৃতিক অনুরাগী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, উদ্বোধনের পর থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

