বাংলাদেশ প্রতিবেদকঃ রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারে তাদের পুনর্বাসনে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মানোন্নয়নেও বাংলাদেশ ভূমিকা রাখতে প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি।
সোমবার সচিবালয়ে মিয়ানমারে জাতীয় সমঝোতা (ন্যাশনাল রিকনসিলিয়েশন) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনে জাপানের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, এমনিতেই বাংলাদেশ জনবহুল দেশ। বিপুলসংখ্যক রোহিঙ্গাকে দীর্ঘমেয়াদে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। এই জটিল সংকট মোকাবিলায় শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টা নয়, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়া জানান, মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয়েছে এবং তারা এ বিষয়ে আন্তরিক। তবে রাখাইন রাজ্যের বর্তমান অস্থিরতার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে। পরিস্থিতি যাই হোক, সংকট নিরসনে তিনি নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
রোহিঙ্গা সংকটের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ও স্বাস্থ্যের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশে একটি আধুনিক ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র তৈরিতে জাপান সরকারের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বিশেষ দূত এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাস দেন।
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।

