ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার চড়-ভাঙ্গুড়া খাঁপাড়া ও সরকার পাড়ার মাঝ দিয়ে বয়ে যাওয়া গুমানি নদীতে একটি সেতুর অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারের হাজার হাজার মানুষ। যোগাযোগের একমাত্র মাধ্যম কাঠের বা বাঁশের ডিঙি নৌকা হওয়ায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক ও মুমূর্ষু রোগীদের।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, গুমানি নদীর এই পয়েন্টে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে আশপাশের ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমানে উপজেলার নৌবাড়ীয়া নামক স্থানে একটি সেতু থাকলেও, খাঁপাড়া ও সরকার পাড়া পয়েন্টে সেতু না থাকায় মানুষকে নৌবাড়ীয়া সেতু ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এখানে নতুন সেতু নির্মিত হলে উপজেলা সদরসহ বিভিন্ন গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে দূরত্ব প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার কমে যাবে।
সেতু না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। তাদের উৎপাদিত কৃষিপণ্য হাটে-বাজারে বাজারজাত করতে গুণতে হচ্ছে বাড়তি পরিবহন খরচ ও সময়। অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠানে সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়েছে শিক্ষার্থীদের জন্য এবং জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া ব্যাহত হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক বাক্যে বলছেন—জনদুর্ভোগ লাঘব এবং এলাকার অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে নদীর এই অংশটিতে দ্রুত একটি ব্রিজ বা সেতু নির্মাণ করা এখন সময়ের দাবি।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

