শাহজাদপুর প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা সুইচ গেটের অদূরে বড়াল নদীতে ডুবে সজীব (২৫ ) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত সজীব রাউতারা গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সজীব সরদার রাউতারা থেকে ইঞ্জিনচালিত শ্যালো নৌকাযোগে বাঘাবাড়ি নৌবন্দরে যাচ্ছিল। একপর্যায়ে নৌকাটি বড়াল নদীর মাঝামাঝি গেলে সজীব হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যায় । ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ফায়ার ফায়ার সার্ভিসে খবর দেন। পরে এলাকাবাসী , পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫ ঘণ্টা চেষ্টা করেও সজীবকে উদ্ধার করতে ব্যর্থ হন। এদিন সকাল ১১ টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। শাহজাদপুর ফায়ার স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান , প্রায় এক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর সাড়ে ১২টার দিকে সজীবকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয়। তিনি জানান, উদ্ধারের পর মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় সজীবের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে নদীতে ডুবে সজীবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

