রামগঞ্জে মিল্কভিটা শ্রমিক মামুনের খোঁজ নেই এক সপ্তাহ

0
রামগঞ্জে মিল্কভিটা শ্রমিক মামুনের খোঁজ নেই এক সপ্তাহ

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা দুগ্ধ উৎপাদন কারখানার (মিল্ক ভিটা) শ্রমিক মোঃ মামুন হোসেন মাতাব্বর (২৮) কর্মস্থল থেকে নিখোঁজ রয়েছেন পাঁচদিন। মামুনের কোন খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। গত ২৭ জুলাই থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিঁেখাজের ঘটনায় রামগঞ্জ মিল্কভিটার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ ফরহাদুল ইসলাম গত ২৮ জুলাই রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রামগঞ্জ থানার সাধারণ ডায়েরী সূত্রে ও মিল্কভিটা দুগ্ধ উৎপাদন কেন্দ্রের ডাক্তার ফরহাদুল ইসলাম জানান, মোঃ মামুন হোসেন মাতাব্বর বিগত ৪ বছর যাবত রামগঞ্জ দুগ্ধ উৎপাদন কেন্দ্রে (মিল্কভিটা) শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। ছুটি ব্যতীত মামুন কারখানার অভ্যন্তরের একটি কক্ষে অবস্থান করে আসছে। গত ২৭ জুলাই শনিবার কারখানার অন্য শ্রমিকগণ এসে প্রতিষ্ঠানের মূল ফটক খোলা দেখতে পেয়ে মামুনকে খোঁজ করে। মামুনকে খুঁজে না পেয়ে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। বিষয়টি কারখানার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে কারখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ ফরহাদুল ইসলাম রোববার রাতে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কারখানার প্রহরী তাজুল ইসলাম জানান, মামুন বেশ কয়েকদিন যাবৎ এলোমেলো আচরণ করছিল। শুক্রবার রাত ১০ টায় অফিস ত্যাগ করার সময় মামুনকে তার কক্ষেই দেখে গেছেন বলে জানান তিনি। স্থানীয় লোকজনসহ ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম মজুমদার জানান, ছেলেটি শান্ত প্রকৃতির ছিল। হটাৎ তার নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ ব্যপারে নিখোঁজ মামুনের কোন আত্মীয়স্বজনের সাথে কথা বলা সম্ভব হয়নি। রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একে ফজলুল হক জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে। নিখোঁজ মামুন হোসেন মাতাব্বর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল মাতাব্বর বাড়ীর মৃত মহিন উদ্দিন মাতাব্বরের ছেলে।