জয়নাল আবেদীন: রেলওয়ে বস্তির ভূমিহীণদের রামনাথপুর গুচ্ছগ্রাম ও বাইশার দোলা আশ্রায়নে পুনর্বাসন দাবিতে সোমবার দুপুরে রেলওয়ে লালবাগ বস্তিবাসী সংগ্রাম পরিষদ রংপুর সদর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশ শেষে তারা রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে।সদর উপজেলা পরিষদের সামনে প্রচন্ড রোদ এবং তীব্র গরম উপপেক্ষা করে ঘন্টাব্যাপী মানববন্ধন- সমাবেশে বক্তব্য রাখেন বস্তিবাসী সংগ্রাম পরিষদের উপদেষ্টা পলাশ কান্তি নাগ, সদস্য সাফিউর রহমান, সুলতানা আক্তার,শ্রমিক অধিকার আন্দোলনের সবুজ রায় প্রমুখ।বক্তারা বলেন, লালবাগ রেলওয়ে বস্তিবাসী সরকারী খাস জমিতে তাদেরকে পুনর্বাসনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। জেলা ও উপজেলা প্রশাসন তাদেরকে পুনর্বাসনে আশ্বাস প্রদান করলেও তা আজও বাস্তবায়ন করে নাই। বক্তারা বলেন, রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নে নির্মানাধীন রামনাথপুর গুচ্ছগ্রাম ও বাইশার দোলা আশ্রায়নে লালবাগ রেলওয়ে বস্তির ভূমিহীণদের পুনর্বাসনর করতে হবে। কারণ বস্তির প্রতিটি মানুষ উচ্ছেদের আতংক নিয়ে দিনযাপন করছে। রেলওয়ে কর্তৃপক্ষ যে কোন সময় তাদের উচ্ছেদ করলে পরিবার-পরিজন নিয়ে পথে বসবে। প্রশাসন যদি পুনর্বাসনের ব্যবস্থা না করে তাহলে অবস্থান ধর্মঘট, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষনা দেন বক্তারা। সমাবেশ শেষে রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমির কাছে স্মারকলিপি প্রদান করে।

