ফেসবুকে প্রাণনাশের হুমকি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন ড. খন্দকার মোশাররফপুত্রবধূ নাইমা খন্দকার

0
ফেসবুকে প্রাণনাশের হুমকি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন ড. খন্দকার মোশাররফপুত্রবধূ নাইমা খন্দকার

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা-১ আসনের সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পরিবার বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি। স্বামীর অনুপস্থিতিতে নিরাপত্তাহীনতা, ফেসবুক আইডি থেকে প্রাণনাশের হুমকি এবং মানহানিকর অপপ্রচারের শিকার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার চেয়েছেন তার পুত্রবধূ ও বিশিষ্ট সমাজকর্মী নাইমা খন্দকার।

গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন ও চাঞ্চল্যকর পোস্ট দিয়ে তিনি এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। একই সঙ্গে ২০ দিন ধরে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দ্বারে ঘুরেও কোনো প্রতিকার না পাওয়ার কথা জানান তিনি।

জে. হুদা ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক ও সচিব এবং জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাইমা খন্দকার তার পোস্টে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। পোস্টটির শুরুতেই তিনি প্রশ্ন রাখেন— ‘আমার নিরাপত্তা কোথায়? একজন নারী হিসেবে আজ আমি কার কাছে বিচার চাইব?’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন একটি প্রভাবশালী মহলের ইন্ধনে দাউদকান্দির বেশ কিছু ফেসবুক আইডি থেকে তাকে যেকোনো সময় প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে।

তার শ্বশুর ড. খন্দকার মোশাররফ হোসেনের চিকিৎসা ও স্বামী খন্দকার মাহবুব হোসেন তুষার বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এই সুযোগটিকে কাজে লাগিয়ে তাকে নিজ বাসভবনে একা পেয়ে হেনস্তা করা হচ্ছে।

চরম নিরাপত্তাহীনতা ও মানসিক চাপের মাঝেই তাকে নিজের আইনের পরীক্ষায় অংশ নিতে হয়েছে। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে পরীক্ষার হলে তার প্রায় জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল।

তিনি একটি রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হয়েও যদি নিজ এলাকায় এমন হয়রানির শিকার হন, তবে সাধারণ নারীদের নিরাপত্তা কোথায়— সেই প্রশ্ন তোলেন। কোনো বাড়তি সুবিধা নয়, কেবল একজন সাধারণ নাগরিক হিসেবে সম্মান, নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে শনিবার সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, নাইমা খন্দকারের সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তার জানা নেই। তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা ঢাকায় হতে পারে, কারণ তিনি এলাকায় থাকেন না এবং তাকে কখনো দাউদকান্দিতে দেখেননি। এছাড়া এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।