বরিশালে আলোচিত শ্রমিক লীগ নেতা ‘জর্দা শামীমের’ আস্তানা থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩

0
বরিশালে আলোচিত শ্রমিক লীগ নেতা ‘জর্দা শামীমের’ আস্তানা থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে আলোচিত শ্রমিক লীগ নেতা মোহাম্মদ শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীম’-এর সহযোগীদের গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। এ সময় ৮টি আগ্নেয়াস্ত্র, ৩৩টি পিস্তলের ম্যাগাজিন এবং ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। বুধবার (১৮ নভেম্বর) এসআরবি-৮ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহে আলম (৫০) – জর্দা শামীমের ব্যক্তিগত সহকারী, বিএম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) – শামীমের শ্যালক, মো. রবিউল বেপারী (৩৫) – ভ্যানচালক (যাঁর বাড়িতে অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল) তাঁরা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।

এসআরবি-৮ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায় যে, আলোচিত জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তাঁর কাছে থাকা বিপুল অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে অবস্থিত তাঁর মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে আসা হয়। পরবর্তীতে তাঁর ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র গোপনে সংরক্ষণ ও কেনাবেচার ব্যবস্থা করা হচ্ছিল। এ কাজে স্থানীয় ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর একটি আভিযানিক দল বাটাজোর এলাকার ওই বসতবাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ঘেরাও করে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদের বিশাল এই ভান্ডার জব্দ করা হয়।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৪টি বিদেশি পিস্তল, ৩টি রিভলবার ও ১টি এয়ারগান। ২,২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ। ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ১টি ম্যাগাজিন আনলোডার, ৩টি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের ৭টি ক্ষুদ্র ভাঙা অংশ, ৩টি মোবাইল ফোন এবং আলামত রাখার ১০টি ব্যাগ।

ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীমের’ বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভীতি প্রদর্শনের বহু অভিযোগ রয়েছে। ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা ঝুলে আছে। দীর্ঘকাল আত্মগোপনে থাকার পর চলতি বছরের ৬ মে রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাশাপাশি উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মূল উৎস কোথায়, কেনাবেচার সঙ্গে অন্য কারা জড়িত এবং এসব অস্ত্র অতীতে কোনো নাশকতামূলক বা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কি না—তা গভীরভাবে খতিয়ে দেখতে এসআরবি-৮ এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।