পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

0
পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মাত্র আধা ঘণ্টার ব্যবধানে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকা এবং উপজেলা সদরে অবস্থিত তাঁর বাড়ি দুটিতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

এর ঠিক আধা ঘণ্টা পর, সন্ধ্যা সাতটার দিকে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত সাবেক এই মন্ত্রীর অপর বাড়িটিতেও একই কায়দায় হামলা চালানো হয়। সেখানেও ব্যাপক ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। পরপর দুটি বাড়িতে আগুনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রগুলোর ভাষ্যমতে, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার অভিযোগ তুলে এলাকায় বিক্ষোভ চলছিল। সেই বিক্ষোভ ও উত্তেজনার একপর্যায়ে বিক্ষুব্ধরা সাবেক মন্ত্রীর বাড়ি দুটিতে চড়াও হয়। ঘটনার সময় বাড়িগুলোতে কেউ অবস্থান করছিলেন কি না বা অগ্নিসংযোগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে হামলার খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়েছে। তিনি বলেন, “খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে নাজিরপুর সদর ও তারাবুনিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জড়িতদের শনাক্ত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।