শিহাব উদ্দিনঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহনকারী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাসচালকের তাৎক্ষণিক ও বিচক্ষণ পদক্ষেপে বড় ধরনের নাশকতা ও প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। এ সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা শহরের পুলিশ লাইন এলাকা থেকে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
বাসে থাকা শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বাসটি বেলতলী বিশ্বরোড পার হওয়ার পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারজন দুর্বৃত্ত বাসটি থামানোর সংকেত দেয়। অন্ধকারে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে করে চালক বাসের গতি কমান। ঠিক সেই মুহূর্তেই দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে তা বাসের নিচে নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যেই বাসের পেছনের দিকের চাকায় আগুন ধরে যায়।
বিপদ আঁচ করতে পেরে বাসচালক মো. শফিক এক মুহূর্ত দেরি না করে দ্রুতগতিতে বাসটি চালিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যান। এতে চাকায় লাগা আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ার আগেই নিভে যায়। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বাস থেকে নেমে দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা অন্ধকারে পালিয়ে যায়। তবে আতঙ্কিত হয়ে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী সামান্য আঘাত পান।
বাসে থাকা শিক্ষার্থী মো. রহমত আলী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমরা স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে ফিরছিলাম। হুট করে কয়েকজন সংকেত দিয়ে বাস থামিয়ে নিচে আগুন দেওয়ার চেষ্টা করে। চালক তাৎক্ষণিক বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দ্রুত গতিতে বাসটি সামনে না নিলে আজ বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক।”
বাসচালক মো. শফিক বলেন, “বেলতলী পার হওয়ার পর কয়েকজন হাত তুলে বাস থামানোর সংকেত দেয়। শিক্ষার্থী ভেবে গতি কমাতেই তারা জ্বলন্ত টায়ার বাসের নিচে ছুড়ে মারে। পরিস্থিতি বুঝে আমি সঙ্গে সঙ্গে বাস টেনে সামনে নিয়ে যাই, ফলে আগুন ছড়াতে পারেনি।”
ঘটনার পরপরই বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়। এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, “বেলতলী এলাকায় আমাদের একটি শিক্ষার্থী বাসে আগুন দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। স্বস্তির বিষয় হলো, আমাদের শিক্ষার্থীরা সবাই সুস্থ ও নিরাপদ আছেন এবং বাসেরও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ নাশকতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে প্রশাসনের মাধ্যমে কঠোর শাস্তির আওতায় আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এদিকে, শিক্ষার্থী পরিবহনকারী বাসে এমন নাশকতার চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাস সড়কে শিক্ষার্থীদের যাতায়াতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

