নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাতে ‘লকডাউন’ ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে বিক্ষুব্ধ একদল লোক এ ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বুধবার রাতে বেশ কিছু বিক্ষুব্ধ মানুষ মিছিল নিয়ে জামতলা এলাকায় অবস্থিত শামীম ওসমানের বাড়ির সামনে জড়ো হন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম গণমাধ্যমকে জানান, জামতলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ তৎপর হয়। তিনি বলেন, “খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় বাড়ির ভেতরে কেউ অবস্থান করছিলেন কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযুক্ত বা জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে।

