বাংলাদেশ প্রতিবেদকঃ দেশজুড়ে সাম্প্রতিক ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক তৎপরতার প্রেক্ষাপটে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে প্রতিটি বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ ও বহুমাত্রিক নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র জানায়, বুধবার (১৮ নভেম্বর) এক জরুরি নির্দেশনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথে নিরাপত্তা তল্লাশি কয়েক গুণ বাড়ানো হয়েছে। যাত্রীদের পাশাপাশি বিমানবন্দর এলাকায় প্রবেশকারী সব ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনে নিবিড় তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দরের ভেতরের (এয়ারসাইড) পাশাপাশি বাইরের অংশেও (ল্যান্ডসাইড) সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও সশস্ত্র টহল জোরদার করা হয়েছে।
দেশের প্রধান প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দিয়েছে বেবিচক। এপিবিএন সদস্যদের টহল বৃদ্ধির পাশাপাশি বিমানবন্দর থানাকেও আশপাশের সড়ক ও সংলগ্ন এলাকায় পুলিশের টহল জোরদার করতে বলা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে।
সাধারণত দেশের যেসব অভ্যন্তরীণ বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব স্থানেও রাতের বেলায় সমানতালে টহল ও নজরদারি অব্যাহত রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বেবিচক স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিমানবন্দর ও এর সংলগ্ন স্থাপনাগুলোর নিরাপত্তা কার্যক্রমে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না।
নিরাপত্তাব্যবস্থাকে আধুনিক ও নিশ্ছিদ্র করতে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে পুলিশের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নেটওয়ার্কের আওতায় বিমানবন্দর ও এর আশপাশের এলাকাকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি ল্যান্ডসাইডের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনও নিজস্ব উদ্যোগে আধুনিক নজরদারি ক্যামেরা স্থাপন করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে বিমানবন্দরগুলোর নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল। তাই চলমান নাশকতার ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার ও মাঠপর্যায়ের টহল সমন্বয় করে এই আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

