চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি ও তাঁর মেয়ে লিমু খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে দোকানের গেট খুলতে গিয়ে নিরাপত্তার জন্য স্থাপিত লোহার রডে হাত দেন মিলি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মেয়ে লিমুও।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

