নেত্রকোনা প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ‘সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই। বিএনপি সেই জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে।’
রোববার (২২ নভেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে ফ্যাসিবাদবিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশবিরোধী সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায়, আর সে জন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে।
অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি অভিযোগ করেন, দেশে একটি বিশেষ রাজনৈতিক দল (আওয়ামী লীগ) কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে জনপ্রতিনিধিদের জবাবদিহিও দুর্বল হয়ে পড়েছিল বলে তিনি মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে ওই বিশেষ দলের শীর্ষ নেতৃত্ব পাচারকৃত অর্থের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা, দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও তৈরি পোশাকশিল্পে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। পোশাকশিল্পকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, এ শিল্প ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের পাশাপাশি পুরো দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়বে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়কার সহিংসতার কথা স্মরণ করে তিনি বলেন, দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার মতো বর্বরতা দেশবাসী ভুলে যায়নি। নতুন করে সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে কায়সার কামাল বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে। সমাজে কেউ ‘আশরাফ’ আর কেউ ‘আতরাফ’ থাকবে না; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন।
এ ছাড়া কলমাকান্দা ও দুর্গাপুরের আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ড, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পোলিং এজেন্টদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করার ঘোষণা দেন তিনি।
কলমাকান্দা উপজেলা বিএনপির প্রবীণ নেতা ও সভাপতি এম এ খায়েরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনিছুর রহমান।
পোলিং এজেন্টদের পক্ষ থেকে বক্তব্য দেন মাহমুদা আক্তার, মিনা আক্তার, কলি আক্তার, সালমান ও বায়োজিদ তালুকদার। অনুষ্ঠানে নেত্রকোনা-১ আসনে নির্বাচনী দায়িত্ব পালনকারী ৪৪৬ জন পোলিং এজেন্ট অংশ নেন। নির্বাচনী দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পাওয়ায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

