ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ছায়েব আলীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন তার সমর্থকরা। এতে অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়ায় হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রোববার রাতে মোগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ছায়েব আলীকে আটক করে পুলিশ।
তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথেই সমর্থকরা পুলিশের ওপর প্রথম দফায় হামলা চালায়। এরপর ছায়েব আলীকে থানায় আনার পর উপজেলা এনসিপির নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা থানা চত্বরে ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
আসামিকে রক্ষায় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি ও সংঘর্ষ বেধে যায়। হামলাকারীদের আঘাতে থানার অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ছায়েব আলীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে উপজেলা এনসিপির নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং উত্তেজনাকর স্লোগান দিতে থাকেন। এ সময় খবর পেয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে এনসিপি নেতাকর্মী ও সমর্থকরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান, ফলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ছায়েব আলী অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তন হলে তিনি ভোল পাল্টে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন এবং বর্তমানে আখাউড়া উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, “বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় আনার পর কিছু লোক জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং আমাদের ৭ সদস্য আহত হন। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং রাতেই আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
থানায় হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

