বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রাতে বিমানবন্দরে পৌঁছান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তিনি ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন।
ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানায়, তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবির কাছে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত এখন ডিবি করছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর প্রায় এক মাস ধরে আসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল এবং দেশত্যাগ ঠেকাতে তার পাসপোর্টও ব্লক করে রাখা হয়েছিল।
কে এই ‘সুইডেন আসলাম’ এবং তার অপরাধের ইতিহাস
নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতে অন্যতম আলোচিত নাম হয়ে ওঠা সুইডেন আসলামের আসল নাম শেখ মোহাম্মদ আসলাম। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে।
চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল।
১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম জড়ায়। এক পর্যায়ে কিছুদিন সুইডেনে অবস্থানের পর দেশে ফিরলে তার নামের আগে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়।
বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা দায়ের হয়, যার মধ্যে ৯টি হত্যা মামলা বলে জানা গেছে। ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর বিভিন্ন কারাগারে রাখা হয় তাকে। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন (হাজতি নম্বর ৬৬৩/২০)।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান।
বর্তমানে ডিবি হেফাজতে থাকা এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে চলমান মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

