পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় বিএনপির রাজনীতিতে চরম অস্থিরতা ও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজার আকস্মিক বহিষ্কারের সিদ্ধান্ত। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করেছে পাবনা জেলা বিএনপি। তবে রাজপথের এই ত্যাগী নেতার হঠাৎ বহিষ্কারাদেশকে ঘিরে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ, হতাশা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের অনুমোদন সাপেক্ষে দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মো. আলাউদ্দিন সরকার বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক যোগাযোগ রক্ষা না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঈন উদ্দীন খাজার অনুসারী ও স্থানীয় নেতাকর্মীদের দাবি, গত ১৮ থেকে ২১ নভেম্বর বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মাঠে ব্যাপক সক্রিয় ছিলেন। বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
স্থানীয় নেতারা বলেন, “দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী একজন নেতাকে এভাবে হঠাৎ বহিষ্কার করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দলের কঠিন সময়ে যিনি রাজপথে প্রতিরোধ গড়ে তুললেন, তাকে পুরস্কৃত না করে উল্টো বহিষ্কার করা হয়েছে।” অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে জেলা ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঈন উদ্দীন খাজার অভিযোগ এ বিষয়ে মঈন উদ্দীন খাজা বলেন, “১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করতে আমি নেতাকর্মীদের নিয়ে প্রতিটি জায়গায় মাঠে ছিলাম। কিন্তু ১৮, ১৯ ও ২০ নভেম্বর পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বেড়ায় আসেননি; তিনি ২১ নভেম্বর প্রশাসনকে সঙ্গে নিয়ে এলাকায় আসেন। সংকটের সময় কেন তাদের ভূমিকা ছিল না—এ বিষয়ে প্রতিবাদ করায় আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে।”
আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, “আমি কারও পৈতৃক দল বা কোনো এমপির দল করি না। আমি শহীদ জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের বিএনপি করি। শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বিএনপি করে যাব।”
বহিষ্কারের কারণ জানতে চাইলে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “বিজ্ঞপ্তিতেই স্পষ্ট লেখা রয়েছে কী কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে নতুন করে বলার কিছু নেই।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় চরম উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে গত তিন দিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সবশেষ শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বেড়া পৌর এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার সকাল থেকেই স্পর্শকাতর মহল্লাগুলোতে পুলিশ ও প্রশাসনের যৌথ টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার ভোররাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ সমর্থককে আটক করেছে পুলিশ।

