সাভার-আশুলিয়ায় অধিকাংশ কারখানায় চাকা ঘুরছে, এখনো বন্ধ ৩১ পোশাক কারখানা

0
সাভার-আশুলিয়ায় অধিকাংশ কারখানায় চাকা ঘুরছে, এখনো বন্ধ ৩১ পোশাক কারখানা

সাভার প্রতিনিধিঃ সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় অধিকাংশ পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। তবে শ্রমিক অসন্তোষ ও শ্রম আইনের কারণে আজও অন্তত ৩১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া ৫টি কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিকরা যথাসময়ে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্ধ থাকা ৩১টি কারখানার মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই, বেতন নেই ভিত্তিতে) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা। এছাড়া শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষের মুখে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বাকি ৯টি কারখানায়।

অন্যদিকে, কারখানায় প্রবেশ করে ভেতরে কর্মবিরতি পালন করছেন আরও ৫টি প্রতিষ্ঠানের শ্রমিকরা। কারখানাগুলো হলো— ম্যাংগো টেক্স লিমিটেড, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন, সাদ ফ্যাশন লিমিটেড

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়ার নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করেন। তবে তারা উৎপাদন কাজে যোগ না দিয়ে ভেতরে কর্মবিরতি শুরু করলে উদ্ভূত পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঝুঁকিপূর্ণ ও বন্ধ কারখানাগুলোর সামনে এবং বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়া জানান, সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন চলছে। তিনি বলেন, “গুটিকয়েক কারখানা ছাড়া পুরো শিল্পাঞ্চলের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শ্রমিকদের নিরাপত্তায় আমাদের সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন।”