আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বিশ্বখ্যাত শিকাগো শহরে বাংলাদেশের প্রথম নারী ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শিকাগো সিটির ৩৬তম ওয়ার্ডের অ্যালডারম্যান (কাউন্সিলম্যান) গিলবার্ট ভিলেগাস এই নামফলক উন্মোচন করেন।
শিকাগোর অন্যতম প্রধান আকর্ষণ এবং বিশ্বখ্যাত বাংলাদেশি স্থপতি ফজলুর রহমান (এফ আর) খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (সাবেক সিয়ার্স টাওয়ার) ঠিক পাশেই আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নামকরণ করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ (Mother of Democracy Begum Khaleda Zia Way)।
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অসামান্য অবদান এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার ঐতিহাসিক ভূমিকাকে আন্তর্জাতিক অঙ্গনে চিরস্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়। গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলে সড়কটির নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন অ্যালডারম্যান গিলবার্ট ভিলেগাস। পরবর্তীতে সিটি কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এই নামকরণ কার্যকর হলো। একই স্থানে বাংলাদেশের দুই কৃতী সন্তান—স্থপতি এফ আর খান ও খালেদা জিয়ার স্মৃতিচিহ্ন প্রবাসী বাংলাদেশিদের মাঝে নতুন গর্বের সঞ্চার করেছে।
শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতারা বক্তব্য রাখেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বলেন, “জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন—ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা চিরস্থায়ী। এ কারণেই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে অমর হয়ে আছেন।”
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এই মুহূর্তকে প্রবাসী বাংলাদেশিদের জন্য ঐতিহাসিক গৌরবের বলে অভিহিত করেন। তিনি বলেন, “নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, কারাবরণ করেছেন; কিন্তু অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে কখনো মাথানত করেননি।”
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার দীর্ঘ আপসহীন সংগ্রাম আগামী প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।
নামফলক উন্মোচন অনুষ্ঠানকে কেন্দ্র করে রোববার শিকাগোর ডাউনটাউন এলাকায় প্রবাসী বাংলাদেশিদের এক আনন্দঘন মিলনমেলা তৈরি হয়। অনুষ্ঠানে শিকাগো ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্য থেকে আসা বাংলাদেশি কমিউনিটির সদস্য, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসীরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের মতো দেশের অন্যতম প্রধান শহরের কেন্দ্রস্থলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ইতিহাসকে আরও উজ্জ্বল করল।

